কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২৬ নভেম্বর ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি জেলা কারাগারের সামনে আসে। এ সময় সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে তারা। ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কারাগারের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি সড়কের ওপর থেকে কারাগার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com