কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় গড়াই নদীর বালুমহল নিয়ে বিরোধের জেরে জামায়াতে ইসলামীর এক নেতার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন জামায়াতের নেতা শাহজাহান। তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, বালুমহল থেকে চাঁদা না পেয়ে শাহজাহান হামলার ঘটনা সাজিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার রাতে ভাটাপাড়া এলাকায় শাহজাহানের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
জামায়াত নেতা শাহজাহানের অভিযোগ, গড়াই নদীর বালুমহাল থেকে বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এরপর জামায়াতের নেতাকর্মীরা সড়কে ব্লক ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর জের ধরেই তাঁর বাড়ি ও কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, শাহজাহান আগে বালুমহল থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিতেন। এখন তিনি সেই টাকা বাড়িয়ে এক লাখ টাকা দাবি করছেন। চাঁদা না পেয়ে হামলার নাটক সাজানোর অভিযোগও করেন তাঁরা।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com