কুমিল্লার লাকসাম স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
আজ বুধবার (২৫ নভেম্বর) লাকসামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
লাকসাম স্টেডিয়াম পরিদর্শন করে তিনি এর বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা দেখতে পেয়েছেন উল্লেখ করে বলেন, এখানে গ্যালারি নির্মাণ করা হবে এবং স্টেডিয়ামে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলার প্রশাসক রোজী আক্তার।
নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি, সুপ্ত প্রতিভা বিকাশ এবং তরুণদের সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ মানসিকতা গড়ে তোলার অন্যতম মাধ্যম। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com