শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) শুরু হওয়া যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। এরপর ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করেন। এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।
এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।
জিয়াউল আহসানের বিরুদ্ধে এ মামলায় সুনির্দিষ্ট ৩টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা ৩টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com