বিদেশি একটি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে নিজ দেশের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তা সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের
প্রতিবেদনে ওই কর্মকর্তার পুরো পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু তার পদবি ‘মা’ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিদেশে দায়িত্ব পালনের সময় তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার নিয়োগপ্রাপ্ত হন। পরে চীনে ফিরে এসে ওই সংস্থার নির্দেশে দীর্ঘদিন ধরে তথ্য পাচার করেন।
প্রতিবেদন অনুযায়ী, বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে মা ১০০টির বেশি গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছিলেন। এর মধ্যে ৩৫টি তথ্য পরবর্তী সময়ে রাষ্ট্রীয় গোপনীয়তার আওতাভুক্ত বলে চিহ্নিত হয়। এসব তথ্য সরবরাহের বিনিময়ে তিনি ১০ লাখ ইউয়ানের বেশি অর্থ পেয়েছিলেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এ অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো প্রতিবেদনটি ব্যাপকভাবে প্রচার করেছে। সোমবার সকালে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে বিষয়টি সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে ওঠে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের রাষ্ট্রীয় গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা এবং দেশটির প্রধান গোয়েন্দা ও পাল্টা গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সতর্কতামূলক প্রচার বাড়িয়েছে। কর্মকর্তারা যেন বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্যদাতা বা গুপ্তচরে পরিণত না হন, সে বিষয়ে সচেতনতা তৈরিই এসব প্রচারের লক্ষ্য।
রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একটি আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও নিয়মিত বিদেশি দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বেনামি ঘটনা প্রকাশ করা হয়। এসব ঘটনার অনেকগুলোতে অভিযুক্তদের কারাদণ্ড দেওয়া হয়। কিছু ক্ষেত্রে দেওয়া হয় মৃত্যুদণ্ড।
সাধারণত এসব প্রতিবেদন অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমেও তা গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি আদালত মা-কে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তার সব ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। তবে কোন সংস্থায় তিনি কর্মরত ছিলেন কিংবা কোন দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন, তা প্রকাশ করা হয়নি।
এ ছাড়া কত দিন ধরে তিনি গুপ্তচরবৃত্তি করেছেন, কখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কবে তার বিচার ও দণ্ড ঘোষণা করা হয়েছে; এসব বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
এদিকে ২০২৫-২৬ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ চীনের প্রশাসন ও সামরিক বাহিনীর ভেতর থেকে তথ্যদাতা সংগ্রহের উদ্দেশ্যে একাধিক ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিওতে চীনা ভাষায় বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়, কীভাবে নিরাপদ উপায়ে মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করা যাবে।
বেইজিং এসব ভিডিওকে অন্য দেশের রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহে সিআইএর প্রচেষ্টার জঘন্য স্বীকারোক্তি বলে অভিহিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ‘গোপন ফ্রন্টে লড়াই কখনো থেমে থাকেনি। গোয়েন্দা সংস্থাগুলোর কৌশল দিন দিন আরও প্রতারণামূলক হয়ে উঠছে।’
এতে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে কর্মকর্তাদের সব সময় সতর্ক থাকতে হবে। দলীয় শৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার সচেতনতা বাড়াতে হবে। সামাজিক, ব্যক্তিগত ও বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত প্রভাব থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে, যাতে কেউ তাদের লক্ষ্যবস্তু বানিয়ে ব্যবহার করতে না পারে।
সূত্র : রয়টার্স
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com