ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানি মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই পরোয়ানা জারি করেন। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ সংস্কৃতায়ন ওরফে বিকাশ পান্ডের দায়ের করা মামলায় আদালত এই কঠোর পদক্ষেপ নিলেন।
আদালত মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। তবে এই আদেশের বিস্তারিত অনুলিপি এখনো হাতে পাওয়া যায়নি। এর আগে গত ৩১ অক্টোবর আদালত ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিলেন। তারও আগে ১৭ অক্টোবর নোটিশ জারি করতে গিয়ে আদালতের প্রতিনিধি তার বাড়ি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সেই প্রতিবেদন জমা পড়ার পর আদালত তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করার পাশাপাশি হরিয়ানার গুরুগ্রামের ঠিকানায় নতুন করে সমন পাঠিয়েছিলেন।
মামলার শুনানিতে ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে রাঠি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছিলেন। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, এই মামলায় রাঠিকে প্রথমবার সমন পাঠানো হয়েছিল সেই ২০১৯ সালের জুলাই মাসে।
উল্লেখ্য, ২০১৮ সালে ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিকাশ পান্ডেকে নিয়ে একটি ভিডিও আপলোড করার পর পান্ডে তার বিরুদ্ধে এই মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন।
সূত্র: এনডিটিভি
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com