গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি ৫২০ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৬৩০ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, বরিশাল বিভাগে ১৫০ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৩৪ জন ও সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬২ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com