ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড চার শ’র বেশি নিজস্ব কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা বীমা সুরক্ষা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
এ চুক্তির আওতায়, ইউনিলিভারের কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি, চিকিৎসকের পরামর্শ এবং বীমার আওতাভুক্ত অন্যান্য চিকিৎসা সেবা খরচের জন্য আর্থিক সুবিধা পাবেন। এর ফলে, চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় মেটাতে তাঁদের আর্থিক সহায়তা মিলবে।
দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বীমা পরিকল্পনা, আধুনিক ডিজিটাল সেবা, ক্যাশলেস হাসপাতালে ভর্তির সুবিধা এবং আর্থিক সক্ষমতার কারণে ইউনিলিভার তাদের বীমা সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফকে বেছে নিয়েছে। ২০২৫ সালে মেটলাইফ ২,৮৫৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে; আর ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে ১,৩৮৪ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই জীবন বীমা খাতে সর্বোচ্চ দাবি পরিশোধ করেছে মেটলাইফ।
এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। মেটলাইফ বাংলাদেশের সাথে চিকিৎসা বীমা সংক্রান্ত এ অংশীদারিত্বের মাধ্যমে কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকার আরও জোরালো হচ্ছে। এর মাধ্যমে তাঁরা মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা লাভ করবেন।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “চিকিৎসার খরচ মেটাতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সহায়তা, কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক দুশ্চিন্তা কমাতে এবং মানসিক স্বস্তি দিতে পারে। ইউনিলিভার বাংলাদেশের কর্মীদের এ নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠানটির পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।”
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। সৌন্দর্য ও সুস্থতা, ব্যক্তিগত পরিচর্যা, গৃহস্থালি পরিচর্যা এবং পুষ্টি খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহককে বীমা সেবা দিচ্ছে। এছাড়ো, নয় শ’টির বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা মেটলাইফের বীমা সুবিধার আওতায় রয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, সিএফও এন্ড ফাইন্যান্স ডিরেক্টর, জিনিয়া তানজিনা হক, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর, সৈয়দা দুরদানা কবির, হেড অব লিগ্যাল অ্যান্ড হোম কেয়ার জেনারেল কাউন্সেল, বাংলাদেশ, আবদুল্লাহ জোবায়ের এবং হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং লিড ডা. আফরোজা আমিন।
মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, জাফর সাদেক চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুশফিকুর রায়হান এবং ম্যানেজার, শাফায়েত ভূঁইয়া।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com