কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের বিএনপির সংসদ সদস্য জসিম উদ্দিনকে ‘আওয়ামী লীগের দালাল’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি।
রোববার (২২ নভেম্বর) রনির ফেসবুকে দেওয়া এই পোস্টকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
সাইফুল ইসলাম রনির ওই পোস্টের নিচে বিভিন্নজন নানা ধরনের মন্তব্য করেছেন। সাইমন নামের এক ব্যক্তি মন্তব্যে লেখেন, ‘ওনাকে কোনোরকম কালীরবাজারে নিয়ে আসেন, হেতে নাকি কলীরবাজারকে নিয়ে কংকশনগর উপজেলা করব।’
মো. আব্দুস সালাম নামের একজন লেখেন, ‘দু-একটা ছবি দিয়ে কি দালাল নির্ধারণ করা যায় ভাইয়া? কারণ, দোসর আওয়ামী লীগ তো মানুষকে জিম্মি করেও ছবি তুলছে। রাজপথ কী বলে, তা-ও দেখতে হবে।’
জুয়েল রানা নামের আরেকজন মন্তব্য করেন, ‘তার সঙ্গে জেলা ও শহরের আওয়ামী লীগের বড় নেতাদের যোগসাজশ আছে, তারা আবার মুরুব্বির সঙ্গে থাকে। আওয়ামী লীগের দালাল জসিম।’
নিলয় রাজ নামের একজন লেখেন, ‘মাদকের টাকা সিস্টেমে খাই, আবার শুনি ডিলারও। এখন তো দেখি দালাল ৪২০। এই লোক কীভাবে এমপি হলো, আল্লাহ ভালো জানেন।’
এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) সকালে সাইফুল ইসলাম রনি বলেন, ‘সে আওয়ামী লীগের দালাল। তার পিএসও আওয়ামী লীগ করত। সে আজীবন আওয়ামী লীগের দালালি করেছে। নির্বাচনের পর এখন দলের কর্মীদের মূল্যায়ন করে না।’
পুরো ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, ‘সরকার ও জনগণ যে কাজ দিয়েছে, তা নিয়ে ব্যস্ত থাকতে হয়। নেতাদের প্রতি একটু ইয়ে থাকলে যা হয়। আমি তার কল ধরিনি বলে হয়তো এমন পোস্ট করেছে। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমি কী করি, সব আল্লাহ দেখেন।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জসিম উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com