ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
আজ ২৩ নভেম্বর (সোমবার) এক বিবৃতিতে তিনি বলেন, একজন ছাত্রনেতার রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর গ্রামের বাড়িতে হামলা এবং সেখানে অবস্থানরত বাবা-মায়ের জীবন বিপন্ন করার ঘটনা অত্যন্ত কাপুরুষোচিত, ন্যক্কারজনক ও উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য কখনো কারও পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলার অজুহাত হতে পারে না।
তিনি বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠার পরিবর্তে ভয়ভীতি, সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার পেছনে জড়িতদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।
ডাঃ ইরান অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাদিক কায়েম ও তাঁর পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com