এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের পরিস্থিতি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা বর্তমান সরকারের বিরুদ্ধে সহিংস তৎপরতা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। পুলিশ জানিয়েছে, এসব সংঘর্ষ ও হামলায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এদিকে সরকারবিরোধী শক্তিগুলো আগামী দিনগুলোতে আরও বিক্ষোভের ডাক দিচ্ছে। এই অস্থিরতা নতুন করে চাপ তৈরি করেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।
কারা চালাচ্ছে এই সহিংসতা?
গত দেড় সপ্তাহ ধরে শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ছোট পরিসরে বিদ্রোহী তৎপরতা চালাচ্ছেন। এ সময় তারা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে আগুন দিয়েছেন। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এসব সহিংসতায় ক্ষমতাসীন দলের অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। বাসে আগুন দেওয়ার ঘটনায় গণপরিবহনের দুই কর্মীরও মৃত্যু হয়েছে।
এসব সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় নাটকীয়ভাবে দেশ ছাড়েন তিনি।
বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, দলটি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিল এবং কোনো ধরনের অগ্নিসংযোগ কিংবা ব্যক্তি বা সম্পত্তির ওপর হামলার দায় তারা স্বীকার করে না। বিবৃতিতে আরও বলা হয়, ‘সহিংসতা দলের উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং এটি কেবল তাদেরই সুবিধা দেয়, যারা আরেকটি দমন-পীড়নের অজুহাত খুঁজছে।’
গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। দেশটির প্রধান কৌঁসুলি জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করবে।
সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ায় বাংলাদেশের কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েন শেখ হাসিনা। তবে তাকে এসব নথি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকার।
অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে মৃত্যুদণ্ড প্রত্যাখ্যান করে বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবন্দি এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা সম্পর্কেও তিনি সম্পূর্ণ সচেতন বলে জানিয়েছেন।
সহিংসতা ও আওয়ামী লীগপন্থী বিক্ষোভ সবচেয়ে তীব্র ছিল শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়কটি ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখেন।
তারা অস্ত্র হাতে সড়কে মিছিল করেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেন এবং এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় পুলিশ কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কেন নির্বাসনে সাবেক প্রধানমন্ত্রী?
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচবার নির্বাচিত হয়েছেন। তবে তার শেষ তিনটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও দমন-পীড়নের অভিযোগ ছিল।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা একই সঙ্গে রাজনৈতিক সহিংসতার শিকার এবং এর জন্য দায়ী ব্যক্তি হিসেবে আলোচিত হয়েছেন। ১৯৭৫ সালে এক সামরিক অভ্যুত্থানে তার বাবা ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বেঁচে যান।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তার প্রথম দফার প্রধানমন্ত্রিত্ব চলে। ২০০১ সালের নির্বাচনে তার দল বিরোধী জাতীয়তাবাদীদের কাছে পরাজিত হয়। পরবর্তী বছরগুলোতে দুই রাজনৈতিক পক্ষের প্রতিদ্বন্দ্বিতা থেকে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিশোধ এবং কঠোর কর্তৃত্ববাদী আচরণের অভিযোগের চক্র তৈরি হয়।
২০০৯ সালের জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে এবং ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। ওই বছর বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের অতিরিক্ত বলপ্রয়োগের মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে।
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগ-সমর্থকদের সুবিধা দেওয়া কোটা ব্যবস্থার বিরুদ্ধে মূলত শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছিল। পরে তা তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে শেখ হাসিনার সমর্থক ও তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।
ওই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। এ ছাড়া শেখ হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং আন্দোলনকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়। এর ফলে ১০ হাজারের বেশি মানুষকে কারাগারে পাঠানো হয়।
সামনে কী ঘটতে পারে?
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আবেদনের প্রতিক্রিয়ায় বাংলাদেশের উপপররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির তাকে ‘পলাতক অপরাধী’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বানের কথা জানান তিনি।
যদিও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে- এমন সম্ভাবনা আপাতত কম বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একসময় আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও শেখ হাসিনার সরকারের সুসম্পর্ক ছিল।
শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে নরেন্দ্র মোদি এখনো কোনো মন্তব্য করেননি। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী তার সরকার।
চলতি বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে পারেনি।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে ভারতকে পরোক্ষভাবে সমালোচনা করেছেন তারেক রহমান। চলতি সপ্তাহে তিনি এমন কিছু আন্দোলনকারীর কথা উল্লেখ করেন, যারা ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পাচ্ছে।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের এক মুখপাত্র বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে এর আগে তারেক রহমানকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। তবে এখনো ওই আমন্ত্রণের বিষয়ে সাড়া দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com