মনির হোসেন জীবন : রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ।
জব্দকৃত সোনার মধ্যে ১৫টি ডিম্বাকৃতি বস্তুর ভেতর থেকে প্রায় ৬৪৩ ভরি ২৪ ক্যারেটের সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা বলে জানা যায়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনি ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায়
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব হাসান ভূঁইয়া সোনাসহ তিনজনকে আটকের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণগুলো ১৫টি ডিম্বাকৃতি বস্তুর ভেতর পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন ৬৪৩ ভরি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মুন্সীগঞ্জের সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লিখিত ব্যক্তিরা কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে আটককৃত এক নম্বর আসামি সৌরভ এর দেহ তল্লাশি করে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর বস্তুগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের পেস্টগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। স্বর্ণগুলো চোরাচালানের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের জন্য অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে বহন করা হচ্ছিল।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সৌরভ সৌদি আরবে নিয়মিত আসা-যাওয়া করেন এবং সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জুয়েল ও শাওনসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় সম্মিলিতভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান কারী চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক ব্যক্তিরা অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ বাংলাদেশে এনে নিজ হেফাজতে রাখার মাধ্যমে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি
ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে এপিবিএন।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোঃ বশির আহমেদ বলেন, গত কয়েকদিন ধরে গোয়েন্দা সূত্র মতে আমরা শনিবার সকালে অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ, যা প্রায় ৬৪৩ ভরি, উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এয়ারপোর্ট আর্মড পুলিশ যে কোনো ধরনের অপরাধ ও চোরাচালান চক্রের বিরুদ্ধে সক্রিয় ও কঠোর অবস্থানে রয়েছে।
এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা শনাক্ত করতে আমরা বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। চোরাচালান ও অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত ডিআইজি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com