হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের ১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মুন্সীগঞ্জের সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
শুনানিকাল আসামি সৌরভের পক্ষে আইনজীবী রনজুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। তবে অপর আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না।
এর আগে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানার এসআই আবুল কালাম বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই তিনজনকে আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ও শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com