কুষ্টিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় দোয়া মাহফিল, মিলাদ ও তবারক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাদ যোহর কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার।
দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাও করা হয়।
এসময় কাজল মাজমাদার বলেন, ২০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ছিলো। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সাফল্য, দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়। পরে মসজিদের প্রধান ফটকের সামনে এতিম, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মেজবাউর রহমান পিন্টুসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com