হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনায় উদ্বেগ বাড়ার মধ্যেই এ হামলার তথ্য সামনে এলো।
এনবিসি নিউজ ও সিএনএন পৃথকভাবে প্রথম- এ দুটি ঘটনার খবর প্রকাশ করে। তবে হামলা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না কিংবা কারা এর জন্য দায়ী, তা এখনো স্পষ্ট নয়।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ে বিমান চলাচল, যোগাযোগ ও অনলাইন বাণিজ্য কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে দেশজুড়ে অসংখ্য ব্যবহারকারী ভোগান্তিতে পড়েছেন। এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় একটি নেটওয়ার্কও এ বিপর্যয়ের কবলে পড়ে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনমনে উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন। তিনি সবাইকে ‘শান্ত থাকতে’ বলেছেন। অন্যদিকে, কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো যোগসূত্র নেই।
এনবিসি নিউজ শুক্রবার সাবেক কৃষি বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে জানায়, কৃষকদের অর্থ পরিশোধের কাজে ব্যবহৃত একটি ব্যবস্থায় সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে কর্মীদের জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।
সাবেক কর্মকর্তারা এনবিসিকে বলেন, হ্যাকাররা ওই অর্থ পরিশোধ ব্যবস্থাকে গোপন প্রবেশপথ হিসেবে ব্যবহার করে আরও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে পারে।
এক সাবেক কর্মকর্তার ভাষ্য, কৃষি বিভাগ ‘বেশ কিছু উদ্বেগজনক জৈবিক বিষয়’ নিয়ে কাজ করে। কোনো প্রতিপক্ষ বা প্রতিযোগী এসব তথ্যের নাগাল পেলে আমাদের গবেষণাকেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।
এদিকে, সিএনএন শুক্রবার পৃথক এক প্রতিবেদনে জানায়, গত সেপ্টেম্বরের পর দ্বিতীয়বারের মতো হ্যাকারদের হামলার শিকার হয়েছে এফবিআই।
তদন্ত সম্পর্কে অবহিত দুই ব্যক্তির বরাত দিয়ে সিএনএন জানায়, হ্যাকারদের মাধ্যমে জাতীয় অপরাধ তথ্যকেন্দ্রে (এনসিআইসি) অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে সংস্থাটি।
এনসিআইসিতে দেশজুড়ে অপরাধসংক্রান্ত তথ্যের একটি ডেটাবেস রয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যুক্ত। গ্রেফতারি পরোয়ানা এবং ব্যক্তির অতীত অপরাধসংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজে এ কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়।
এফবিআইয়ের এক সাবেক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘দেশজুড়ে প্রতিদিন পুলিশ কর্মকর্তারা পলাতক আসামিদের শনাক্ত করতে, গ্রেপ্তারি পরোয়ানা যাচাই করতে এবং পুলিশ ও জননিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে—এমন তথ্য পেতে এনসিআইসির ওপর নির্ভর করেন।’
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হ্যাকাররা পুলিশ কর্মকর্তাদের ব্যবহৃত তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
এফবিআই ও কৃষি বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ঘটনাগুলোকে হ্যাকিং হিসেবে বর্ণনা করা হয়েছে। মাইক্রোসফট আউটলুক ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে (এফএএ) সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনাগুলো থেকে এ হামলা ভিন্ন।
গত সেপ্টেম্বরে শাইনি হান্টার্স নামে একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইট থেকে কর্মীদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
এদিকে, একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনায় সমালোচনা বাড়তে থাকায় চলতি সপ্তাহে হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা প্রধান শন কেইনক্রসকে বরখাস্ত করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com