মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে আব্দে ওয়াহিদ আল ওয়াহিদি নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের চৌরাস্তা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেবীগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতার আব্দে ওয়াহিদ পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তিনি দেবীগঞ্জ থানায় দায়ের করা কোনো মামলার এজাহারনামীয় আসামি ছিলেন না বলে নিশ্চিত করেছে সূত্রটি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দে ওয়াহিদ ঢাকায় আইন পেশায় নিয়োজিত। ২০২৪ সালের ২৪ জুন পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী নিহত হন। এরপর থেকে ছোট দুই মেয়েকে গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে রেখে ঢাকায় থাকতেন তিনি। সন্তানদের সঙ্গে দেখা করতে প্রতি সপ্তাহে ঢাকা থেকে দেবীগঞ্জে নিজ বাড়িতে আসতেন এই আইনজীবী। ২০১৪ সালে ঢাকায় আইন পেশায় যুক্ত হন আব্দে ওয়াহিদ। ২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন তিনি।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দে ওয়াহিদকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com