মনির হোসেন জীবন : প্রাকৃতিক বৈরিতা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রায় লাখো মুসল্লির উপস্থিতিতে আবেগঘন পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী সুন্নাতে ভরা ইজতেমা।
আজ শুক্রবার (২০ নভেম্বর) পবিত্র জুমার নামাজের পর রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে ইজতেমা ময়দানে কান্নাজনিতকন্ঠে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামীর বিশ্বব্যাপী দাওয়াতি কার্যক্রমের তত্ত্বাবধায়ক আল্লামা ইমরান আত্তারী।
মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর বিশেষ সাহায্য প্রার্থনা করা হয়।

এসময় মোনাজাতে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা সুবিশাল প্যান্ডেলের ভেতরে ও বাইরে অবস্থান নেওয়া দেশ-বিদেশের লাখো মুসল্লি দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন। এ সময় পুরো দিয়াবাড়ী এলাকা ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।
এর আগে জুমার নামাজে ইমামতি করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা উবাইদ রেজা আত্তারী আল-মাদানী। নামাজের পূর্বে মূল বয়ান পেশ করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ আবদুল মুবিন আত্তারী।
ইজতেমার সমাপনী দিনে আজ শুক্রবার সকাল থেকেই দাওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ কোরআন ও হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ের ওপর ধারাবাহিক বয়ান করেন।
আলোচনায় ইসলামী শরিয়তের বিধিবিধান, মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব, আল্লাহভীতি, জুলুম-অত্যাচারের ভয়াবহ পরিণতি, নিয়মিত নামাজ আদায়ের গুরুত্ব, ব্যভিচার থেকে আত্মরক্ষা এবং মৃত্যু, কবর ও হাশরের প্রস্তুতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি হামদ, নাত ও জিকির- আজকারে পুরো ময়দানে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন বিষয়ের ওপর বয়ান করেন মুবাল্লিগ মাওলানা কাওসার আত্তারী।
বয়ানে ইসলামি বক্তারা মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহর নির্দেশিত পথে চলা এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাত যথাযথভাবে অনুসরণের মধ্যেই মানবজাতির প্রকৃত কল্যাণ নিহিত। মানুষের নিয়ত, চিন্তা ও কর্মজীবন আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পরিচালিত হলেই দুনিয়া ও আখিরাতে মুক্তি সম্ভব।
ইজতেমা সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ আবদুল মুবিন আত্তারী বলেন, প্রতিকূল, বৈরি আবহাওয়া সত্ত্বেও সবার সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
এ সময় তিনি সার্বিক সহযোগিতার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পীর-মাশায়েখ ও আশেকে রাসুলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইজতেমার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিন ও তিন রাতের এ বিশাল জমায়েতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুসল্লিদের জরুরি স্বাস্থ্যসেবায় ময়দানে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং প্রায় ৪০০ স্বেচ্ছাসেবীদের পাশাপাশি বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
আজ শুক্রবার বিকেলে ডিএমপি তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, তিন দিনের ইজতেমাকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য ইজতেমা মাঠ ও তার আশপাশে অফিসারসহ ৫০জন পুলিশ সদস্য দায়িত্ব পালনে সর্বদা নিয়োজিত ছিল। বৈরি আবহাওয়ার মধ্যে তিনদিনের ইজতেমা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের পুলিশি টহল অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) ২০২৬ সকাল ১০টায় আম' বয়ানের মধ্য দিয়ে তিন দিনের এ ইজতেমা শুরু হয়েছিল। তিন দিনের এ ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকে রাসুল (সা.) অংশগ্রহণ করেন। বিষয়ভিত্তিক বয়ান, জিকির-আজকার, হামদ-নাত ও ধর্মীয় আলোচনায় মুখর ছিল পুরো ইজতেমা ময়দান।
ইজতেমা সূত্র ও ইতিহাস থেকে জানা যায়, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এ ধরনের ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে । আখেরি মোনাজাত শেষে নেকির দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে তিন, ১২, ৩০ ও ৬৩ দিনের সফরের উদ্দেশ্যে সংগঠনটির ১১২টি টিমের মাধ্যমে "মাদানি কাফেলা" যাত্রা শুরু করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com