আরফান আলী, শেরপুর: দেশের ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত ধাপভিত্তিক তালিকায় শেরপুর জেলার পাঁচ উপজেলার ৫২টি ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে নকলা, দ্বিতীয় ধাপে শেরপুর সদর, তৃতীয় ধাপে নালিতাবাড়ী, চতুর্থ ধাপে শ্রীবরদী এবং পঞ্চম ধাপে ঝিনাইগাতী উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এসব বিষয় জানা গেছে।
তালিকা অনুযায়ী, প্রথম ধাপে নকলা উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন হবে। ইউনিয়নগুলো হলো—গণপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বর্দী, পাঠাকাটা, টালকি, চর অষ্টধর ও চন্দ্রকোনা।
দ্বিতীয় ধাপে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো—কামারের চর, চরশেরপুর, বাজিতখিলা, গাজীর খামার, ধলা, পাকুরিয়া, ভাতশালা, লছমনপুর, চরমোচারিয়া, চরপক্ষীমারী, বলায়ের চর, কামারিয়া, রৌহা ও বেতমারী-ঘুঘুরাকান্দি।
তৃতীয় ধাপে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। ইউনিয়নগুলো হলো—পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল, রামচন্দ্রকুড়া, কাকরকান্দি, নালিতাবাড়ী, রূপনারায়ণকুড়া, মরিচপুরান, যোগানীয়া, বাঘবেড় ও কলসপাড়।
চতুর্থ ধাপে শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন হবে। ইউনিয়নগুলো হলো—সিংগাবরুনা, রাণীশিমুল, গোশাইপুর, কাকিলাকুড়া, তাতীহাটি, শ্রীবরদী, ভেলুয়া, খড়িয়া কাজিরচর, কুড়িকাহনীয়া ও গড়জরিপা।
পঞ্চম ধাপে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো—কাংশা, ধানশাইল, নলকুড়া, গৌরীপুর, ঝিনাইগাতী, হাতিবান্দা ও মালিঝিকান্দা।
নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ২০২৭, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে শেরপুর জেলার ৫২টি ইউনিয়ন পরিষদ পাঁচ ধাপে নির্বাচনের আওতায় আসবে। তবে এসব নির্বাচনের বিস্তারিত তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ নির্বাচনের অন্যান্য কার্যক্রম সম্পন্ন হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com