মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ সীমান্তের নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নবনির্মিত নারায়নপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর গ্রামে ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপিটির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। পরে তিনি বিওপির নামফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে নারায়নপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা পালন করছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
এ সময় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন রিজিয়ন কমান্ডার। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com