খুলনা প্রতিনিধি : সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল দশটায়হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে চিকিৎসক, নার্স সহ হাসপাতালের কর্মকর্তারা অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি। তিনি বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা মেনে নেওয়া হবে না।
চিকিৎসক তাজরুল ইসলাম তাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চিকিৎসক শফিকুল আলম ডেভিড, চিকিৎসক রাশেদুল জামান ছোটন, চিকিৎসক কামরুল হুদা নিশান, ড্যাবের সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক চিকিৎসক আবু জাফর মোহাম্মদ সালেহ এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক মোস্তফা কামাল।
বক্তারা বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস, ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা সমুন্নত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সমাবেশ ও মানববন্ধনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com