জেলার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক অপরাধী নেটওয়ার্কের প্রধান ইয়াসিন বাহিনীর ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা (বর্তমানে এসআরবি), যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ প্রয়োগের মতো গুরুতর অপরাধের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আসছিলেন।
বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, মঙ্গলবার দিবাগত রাতে নগরের পাঁচলাইশ, বায়েজিদ ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের প্রধান সহযোগী জামাই ইয়াছিন, আব্দুর শুক্কুর, ইয়াসিনের ভাগ্নে মেহেদী হোসেন, সাকিবুল হাসান ও আনোয়ার হোসেন ও অপর সহযোগী মো. পারভেজ মোশারফ।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়। এসব ডিভাইস প্রাথমিক পর্যালোচনা করে ৩৯টি ফেসবুক আইডি ও পেজের সন্ধান পেয়েছে পুলিশ। এর মধ্যে ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’, ‘জঙ্গল সলিমপুর নিউজ ২৪’, ‘জঙ্গল সলিমপুর মিডিয়া সেল’, ‘নাগরিকবার্তা ২৪’, ‘আলিনগর প্রিমিয়ার লীগ’, ‘জনগণের নেতা’, ‘জাগ্রত আলীনগর’, ‘দ্য ডেইলি ফার্স্ট সান’ ও ‘দ্য ডেইলি নিউজ’ ইত্যাদি। ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
গোয়েন্দা পুলিশ বলছে, এসব আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র্যাবের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হতো। পেইড বুস্টিং ও সমন্বিত শেয়ারিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রশাসন বিরোধী মনোভাব তৈরি এবং সরকারি অভিযান বাধাগ্রস্ত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। উদ্ধার করা মুঠোফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর পেছনে অন্য কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরে ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে। পাহাড় রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নিরাপদ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সেনাবাহিনীর উদ্যোগে ইতোমধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, জঙ্গল সলিমপুরে গত ১৯ জানুয়ারি অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন তৎকালীন র্যাবের উপ-সহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। একই সময়ে তিন র্যাব সদস্য আহত হন। এসময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায়।
র্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় মামলা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com