মনির হোসেন জীবন : বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহ প্রচারভিত্তিক দ্বীনের দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ‘সুন্নতে ভরা ইজতেমা’ আজ বুধবার (১৮ নভেম্বর), ২০২৬ সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে শুরু হয়েছে । ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে ইজতেমা ময়দানের সকল প্রস্তুতি। দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগমের প্রত্যাশা করছেন এবারের আয়োজকরা।
আগামী ২০ নভেম্বর শুক্রবার পবিত্র জুমার নামাজের পর বিশেষ দেয়া ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। খবর ইজতেমা আয়োজক কমিটি ও বিভিন্ন তথ্য সূত্রের।
এদিকে আজ বুধবার বিকেলে নগরীর উত্তরার সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন ইজতেমা ময়দানে সরজমিন পরিদর্শন করে দেখা যায়, আজ সকাল ১০টার পর থেকে ইজতেমার কার্যক্রম শুরু হয়। গতরাত থেকে দলে দলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে ময়দানের ভেতর প্রবেশ করেছেন। আজ বুধবার বাদ আছর পর্যন্ত মুসল্লিদের আসা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে কানায় কানায় মাঠ পূর্ণ হয়ে গেছে বিশাল সামিয়ানা ।
ময়দান ঘুরে দেখা যায়, উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনসংলগ্ন বিশাল ময়দানে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। মুসল্লিদের সুবিধার্থে রাখা হয়েছে তিনটি পুকুর, অজুখানা, ওয়াশরুম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেলা ভিত্তিতে করা হয়েছে খাবার রান্না ও আবাসনের আয়োজন।
ইজতেমায় আগত লাখোলাখো ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে আটটি ওয়াচ টাওয়ার। পুরো ময়দান আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আলহাজ সৈয়দ মুহাম্মদ ফোজায়েল আত্তারী, সৈয়দ মুহাম্মদ এরশাদ, হাফেজ ফরিদুল ইসলাম, মুহাম্মদ সাকিব আত্তারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা সব কিছু তদারকি করছেন। মুসল্লিদের তল্লাশির মাধ্যমে মাঠে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দাওয়াতে ইসলামীর নিজস্ব প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
তিন দিনব্যাপী এ ইজতেমায় দেশ-বিদেশের আলেম-ওলামারা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ৫ ওয়াক্ত নামাজের আগেও পরে বয়ান করছেন। বিশেষ করে বাদ আছর, বাদ এশা ও ফজরের নামাজের সময় গুরুত্বপূর্ণ বয়ান করা হয়। আগামী ২০ নভেম্বর শুক্রবার পবিত্র জুমার নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা।
অপরদিকে আয়োজক কমিটির নেতারা সাংবাদিকদের জানান, ইজতেমার মূল উদ্দেশ্য হলো ব্যক্তিজীবনে কোরআন ও সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন, ইমান-আকিদা ও আমলের সংশোধন, আত্মশুদ্ধি এবং নৈতিক চরিত্র গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা। ইজতেমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে ইমান-আকিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান করা হবে। কীভাবে নামাজ আদায় করতে হয় এবং ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল ইবাদত পালনের নিয়ম দালিলিক প্রমাণসহ হাতে-কলমে শেখানো হবে। ইজতেমায় দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মোবাল্লিগরা সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ানসহ আলোচনা করছেন। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
ইজতেমা কমিটির নেতৃবৃন্দরা জানান, ইসলাম যে শান্তি ও মানবকল্যাণের ধর্ম, সে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নেকির দাওয়াতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, এ ছাড়া মুসল্লিদের চিকিৎসা ও জরুরি সেবা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছেন। ফায়ার সার্ভিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের সহায়তায় প্রয়োজনীয় সেবা কার্যক্রম অব্যাহত আছে।
এদিকে দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগমের প্রত্যাশা করছেন ইজতেমা আয়োজকরা। এবারের ইজতেমা সুষ্ঠ, স্বাভাবিক ও শান্তিপূর্ণ ভাবে পালন করার লক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সুবিশাল মাঠজুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। মুসল্লিদের অবস্থান, নামাজ, অজু, গোসল, খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন আয়োজক ও স্বেচ্ছাসেবীরা।
তিনি আরও বলেন, ২০০৭ সাল থেকে বাংলাদেশে এ ইজতেমার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ২০২৬ সাথে উত্তরার দিয়াবাড়িতে তিন দিনব্যাপী এই ইজতেমার আয়োজন করা হয়েছে।
এবিষয়ে আজ বুধবার সন্ধায় ডিএমপি তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, তিন দিনের ইজতেমাকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য ইজতেমা মাঠ ও তার আশপাশে অফিসারসহ ৫০জন পুলিশ সদস্য দায়িত্ব পালনে সর্বদা নিয়োজিত আছেন। ইতোমধ্যে মাঠে চারটি ওয়ার্চ টাওয়ার বসানো হয়েছে। এছাড়া পুলিশি টহল অব্যাহত রয়েছে।
ইজতেমা সূত্র ও ইতিহাস থেকে জানা যায়, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এ ধরনের ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে । ইজতেমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় অংশ নিয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করবেন। এসব সফরের মাধ্যমে দ্বীনি শিক্ষা প্রচার ও মানুষকে ইসলামের পথে আহ্বান জানানো হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com