জাতীয় গ্রিডের সাথে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আজ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে পরীক্ষামূলকভাবে সফল সংযোগ পরবর্তী ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্মুখে সাংবাদিকদের সাথে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই ঐতিহাসিক অর্জনের কথা জানান। তিনি বলেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।
মন্ত্রী আরও জানান, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
আজ (১৭ নভেম্বর) মঙ্গলবার বিকাল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এর উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথম বারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা তুলে ধরে মন্ত্রী সাংবাদিকদের জানান, আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তীতে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট এবং এ কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বিজ্ঞান মন্ত্রী এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্ত্রী আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সাংবাদিকদের ব্রিফিং কালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মোঃ কবীর হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড.জাহেদুল হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড.মোঃ কবীর হোসেন বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ০৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশিলতা পর্য়বেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘন্টা বিরতির পর পুনরায় ০৪--০৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন আরও বলেন,পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। কারিগরি সকল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং এ পর্যায়ের নির্ধারিত সকল কাজ সম্পন্ন হলে, পরবর্তী পরীক্ষা-মূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) অনুমোদন প্রয়োজন হবে।
তিনি বলেন, বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষা-মূলকভাবে (Trial Operation) জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রাশিয়ান ঠিকাদারের সাথে চূক্তি অনুযায়ী ১০ মাসের Trial Operation সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে প্রথম ইউনিট রাশিয়ান ঠিকাদারের নিকট থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন Provisional Takeover করবে। পরবর্তীতে, সরকারের গেজেট নোটিফিকেশন/প্রজ্ঞাপনের দ্বারা Operating organisation হিসেবে এনপিসিবিএল এর কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সর্বমোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com