আরফান আলী, শেরপুর: শেরপুরে যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও জীবিকার পথ সুগম করতে ‘যুবদের কর্মসংস্থানের সুযোগ ও সংযোগ স্থাপন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর ও কেয়ার বাংলাদেশের ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ের এ উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ খান। প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন টিম ফোকাল গোলাম রাব্বানী।
কর্মশালায় স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুবদের দক্ষতা ও আকাঙ্ক্ষার সমন্বয় ঘটাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতাভিত্তিক জীবিকা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও সাংবাদিক রফিক মজিদ।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, EARN প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলায় প্রায় ৫৬ হাজার যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শেরপুর জেলায় উপকারভোগীর লক্ষ্যমাত্রা ৬ হাজার ৫৮০ জন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com