২০-২২ নভেম্বর ঢাকা সফরের সূচি ছিল এএফসি সভাপতি শেখ সালমানের। এএফসি সভাপতি ও তার প্রতিনিধি দলের জন্য অন অ্যারাইভাল ভিসা এবং প্রয়োজনীয় প্রস্তুতির ব্যবস্থা গ্রহণ করেছিল বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত এএফসি সভাপতি বাংলাদেশ সফর বাতিল করেছেন।
আগামী ১৮ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ড নাইট। ঐ অনুষ্ঠান শেষ করে নিজ দেশ বাহরাইন যাওয়ার আগে বাংলাদেশে আসার কথা ছিল শেখ সালমানের। থাইল্যান্ড থেকে এখন সরাসরি নিজ দেশে যাবেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এএফসি সভাপতির কার্যালয় ব্যক্তিগত কারণে সফর বাতিলের বিষয়ে অবহিত করেছে। তবে ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সালমান এজন্যই সফর স্থগিত করেছেন।
গত বছরও এএফসি সভাপতির ঢাকায় আসার সূচি ছিল। জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাকে প্রধান অতিথি রেখে বাফুফে পরিকল্পনা করেছিল। গত বছরও শেষ মুহুর্তে ব্যক্তিগত কারণে তিনি বাংলাদেশ সফর বাতিল করেন।
আগামী পরশু এএফসি অ্যাওয়ার্ড নাইটে বাফুফে দু'টি ক্যাটাগিরতে মনোনয়ন পেয়েছে। গত বছর গ্রাসরুট ক্যাটাগরিতে বাফুফে পুরস্কার পেয়েছিল। এবার বাফুফে ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। গত বার গ্রাসরুটে পুরস্কৃত হওয়ায় এবার এই ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা কমই। এবার মেম্বার এসোসিয়েশন ক্যাটাগরিতে বাফুফের পুরস্কারের সম্ভাবনা রয়েছে।
এএফসি অ্যাওয়ার্ড নাইটে বাফুফে সভাপতি-সাধারণ সম্পাদক যাচ্ছেন না। সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও সাব্বির আহমেদ আরেফের যাওয়ার কথা রয়েছে। সাফও এএফসি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে। আগামীকাল রাতে সাফ ফাইনাল শেষ করে পরশু দিন সকালে ব্যাংককের বিমান ধরবেন সাফ কর্তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com