পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফিরিয়েছিল ব্রাজিল। নির্ধারিত নব্বই মিনিটের খেলা তখন শেষের পথে। ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল সেলেসাওরা। ঠিক তখনই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে ম্যাচের শেষ মুহূর্তে দারুণ এক গোল করে বসল এশিয়ান জায়ান্ট জাপান। যোগ করা সময়ের ওই নাটকীয় গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল ব্লু সামুরাইরা।
আজ শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে চারজাতীর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপে এই ব্রাজিলের কাছে হেরেই বিশ্বকাপ শেষ হয়েছিল জাপানের। সেই হারের প্রতিশোধ নিল এবার। অবশ্য সর্বশেষ তিন দেখায় এটি জাপানের দ্বিতীয় জয়। এর আগে গত বছরের অক্টোবরেও ব্রাজিলকে ঠিক একই ব্যবধানে (৩-২ গোলে) হারিয়েছিল এশিয়ান পরাশক্তিরা।
ম্যাচে অবশ্য সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে ছিল ব্রাজিলই। গোলের জন্য পুরো ম্যাচে ১৫টি শট নিয়েছিল সেলেসাওরা। যার মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় জালের দেখা মেলে মাত্র দুইবার। বিপরীতে জাপানিরা গোলের জন্য সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রেখে তিনটিই সফলভাবে জালে জড়িয়ে দেয়।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে জাপান। খেলার বয়স যখন মাত্র ১৫ মিনিট, তখনই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার তাকাফুসো কুবো। এর ঠিক চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কেইতো নাকামুরা। ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে চরম বিপাকে পড়ে যায় ব্রাজিল।
তবে বিরতিতে যাওয়ার আগে ব্যবধান কমায় সেলেসাওরা। ৩৩তম মিনিটে দারুণ এক শটে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি পরিশোধ করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য বেশ কিছু মরিয়া চেষ্টা চালায় ব্রাজিল।
অবশেষে ৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে চোখধাঁধানো এক শটে দলের ও নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ২-২ করেন ভিনিসিয়াস।
ম্যাচ যখন ড্রয়ের দিকে গড়াচ্ছিল, তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে নাটকীয়তার জন্ম দেন নাকামোতো। তার করা জয়সূচক গোলটিই নিশ্চিত করে দেয় জাপানের জয়।
ম্যাচের শেষ মুহূর্তে জাপানের ওই গোলটি কিছুতেই মেনে নিতে পারেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়া। দুজনই তীব্র প্রতিবাদ করেন। যে কারণে রেফারি তাদের দুজনকে লাল কার্ড দেখান। ফলে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে পরবর্তী ম্যাচে ব্র্রাজিলের ডাগআউটে থাকবেন না তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com