আগামী সপ্তাহে চীনের শেনজেনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়। এরপর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি চীনকে অন্তর্ভুক্ত করে নতুন ও আধুনিক একটি চুক্তির প্রস্তাব দেন।
ট্রাম্পের মতে, তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ন্ত্রণে সমঝোতার সুযোগ তৈরি করতে পারে এই বৈঠক। তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বৈঠকে কোনো চুক্তি হওয়ার প্রত্যাশা নেই। বরং এটি আলোচনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে। এরপর যুক্তরাষ্ট্র এবং তৃতীয় অবস্থানে চীন।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প শি ও পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান। তবে ইউক্রেন যুদ্ধের বিষয়টি এড়িয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাবেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, তবে তিনি বৈঠকে অংশ নেবেন না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের সাক্ষাতের পরিকল্পনা নেই।
তিন নেতার বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যবস্থা নির্ধারণে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা অংশ নিয়েছিলেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তুলনা নাকচ করেছেন। তিনি বলেছেন, শেনজেনের বৈঠকে কোনো সমঝোতা হলে তা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। তবে বৈঠকটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন তিনি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, তার দেশকে পাশ কাটিয়ে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধ এবং ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেও ট্রাম্প দুই দেশের নেতার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন। ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতার উদ্যোগও চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com