মনির হোসেন জীবন: রাজধানীর তুরাগে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তুরাগ থানার ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা হলো- মো. ইয়াসিন (২০), পিতা-মৃত শাহিন, মাতা-খালেদা বেগম। স্থায়ী ঠিকানা: ধউর মাতবর বাড়ি, তুরাগ, ঢাকা ও মো. রিফাত (২০), পিতা-মো. ফুরকান, মাতা-রুবি বেগম। স্থায়ী ঠিকানা: ধউর মাতবর বাড়ির দক্ষিণে, তুরাগ, ঢাকা এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দুইজনকে আটকের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে তুরাগের ধউর বেরিবাধ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনের পাকা সড়কে ২০ থেকে ২৫ জন ব্যক্তি ব্যানার ও বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তুরাগ থানা এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের একটি মোবাইল টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজন দিক বিদিক দৌঁড়ে পালিয়ে যান। পরে তুরাগ থানা পুলিশের এসআই মতিউর র রহমান সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০) নামে দুই যুবককে আটক করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ইয়াসিনের হেফাজত থেকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি মুখোশ এবং রিফাতের কাছ থেকে ‘আমি দেবদাস আমি জয় বাংলা লিখেছি’ লেখা একটি ফেস্টুন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মিছিলের প্রস্তুতির সঙ্গে জড়িত পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com