পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কামারজানী বাজারসংলগ্ন একটি ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সম্প্রতি ব্রিজটির বেহাল অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্রিজটি দিয়ে প্রতিদিন কামারজানী বণিক বালিকা উচ্চ বিদ্যালয় ও কামারজানী মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করেন। প্রতিদিন আনুমানিক এক থেকে দেড় হাজার মানুষ ব্রিজটি দিয়ে চলাচল করেন বলে দাবি করা হয়েছে।
ছবিতে দেখা যায়, ব্রিজের একাংশ ভেঙে গেছে। বিভিন্ন স্থানে কংক্রিট খসে পড়ে রড বেরিয়ে রয়েছে। এতে ব্রিজটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
এ অবস্থায় ব্রিজটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কিংবা স্থায়ীভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রত্যাশা, দুর্ঘটনা ঘটার আগেই ব্রিজটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com