ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড এবং দুইজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ব্রহ্মপুত্র নদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়, অননুমোদিতভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় আনারুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় মো. সোহাগ মিয়াকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, একই অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর আওতায় রাসেল ও মহিদুল মিয়াকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com