প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে হবে। প্রতিটি এলাকার সম্ভাবনাময় সম্পদ, উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় উন্নয়নের নতুন নতুন সম্ভাবনা খুঁজে বের করে তা বাস্তবায়নে উদ্যোগী ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে হবে।
আজ বৃহস্পতিবার বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) ৫৬তম ও ৫৭তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দর্শন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে হবে। এমন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দুর্নীতি, অর্থ পাচার ও সরকারি সম্পদের অপব্যবহারের কোনো সুযোগ থাকবে না। এছাড়াও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রত্যেককে একেকজন ফিল্ড মার্শালের মতো দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০৩১ সালের মধ্যে মাথাপিছু আয় ৪ হাজার ৫০০ ডলারে উন্নীত করা এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ জন্য প্রতিটি উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের সুফল ও কার্যকারিতা বিবেচনায় রাখতে হবে। স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সমাজ উন্নয়নকর্মীদের খুঁজে বের করে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, তরুণ কর্মকর্তাদের নতুন ধারণা গ্রহণ, সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া এবং দায়িত্ব পালনে সাহসী হতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্বের অর্থ শুধু নির্দেশ দেওয়া নয়; বরং অন্যদের সক্ষম করে তোলা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, সরকারের অন্যতম অঙ্গীকার একটি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলা। অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। জনপ্রতিনিধি, নাগরিক সমাজ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একজন ইউএনওর সাফল্য নির্ধারিত হবে কতজন সাধারণ মানুষের জীবন সহজ হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা কতটা বেড়েছে, তার ভিত্তিতে। ইউএনও পদকে শুধু চাকরি হিসেবে নয়, জনগণের পক্ষ থেকে অর্পিত আমানত হিসেবে বিবেচনা করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী বলেন, কর্মকর্তাদেরকে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সততা, মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে নেতৃত্বের মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনস্বার্থ রক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. আবদুর রউফ, এনডিসি। এ সময় একাডেমির ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com