মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা সংবাদদাতাঃপঞ্চগড়ের বোদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬) এবং একই ইউনিয়নের ভোলাবাসুনিয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৬)। আহত শিক্ষার্থীর নাম রাব্বি (১৬); সে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকার আবু শাহের ছেলে। নিহত ও আহত তিনজনই স্থানীয় সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষে এক বন্ধুকে তার বাসায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হয় ওই তিন শিক্ষার্থী।
পথিমধ্যে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: সাদমান সাকিব দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় অপর শিক্ষার্থী রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করেন।
সাকোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com