সিরাজগঞ্জ প্রতিনিধিঃ গরু চুরির একটি মামলার তদন্ত করতে গিয়ে ছয়জনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। সিরাজগঞ্জের তাড়াশে সংঘটিত চুরির এ ঘটনায় জেলার সদর ও রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বাহিনীটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ জুন গভীর রাতে তাড়াশ উপজেলার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু নিয়ে যায়। পরে সেগুলো একটি মিনি ট্রাকে তুলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিক তায়বুর রহমান রিপন থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে মামলাটির তদন্তে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন সংশ্লিষ্ট সদস্যরা। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে অভিযান শুরু হয়। প্রথমে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারের পাশে একটি মসজিদের সামনে থেকে দুজনকে আটক করা হয়। একই দিন বিকেলে রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেছে এসআরবি-১২। তাঁরা হলেন তাড়াশের শালিয়াগাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৪১) ও মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুরের রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়ার নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশিগঞ্জের আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুরের সোহাগ (৩০)।
গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া গরুর সন্ধানে আরও অভিযান চালানো হয়। এতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামের একটি বাড়ির উঠান থেকে একটি গরু পাওয়া যায়। পরে কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকার আরেকটি বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় দ্বিতীয় গরুটি। তবে চুরি যাওয়া তিনটি গরুর মধ্যে এখনো একটি উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে গ্রেপ্তার ছয়জন ও উদ্ধার করা গরু দুটি প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১২-এর অপারেশনস অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com