সিনিয়র রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা অত্যন্ত জরুরি। নগরবাসীকে সচেতন করার পাশাপাশি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কার্যক্রম তদারকি করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমবিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নগরে মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মশা নিধনের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই এখন প্রধান অগ্রাধিকার। এ জন্য বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার এবং স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাড়ির আঙিনা, ফুলের টব, এসির পানি জমার স্থানসহ যেকোনো জায়গায় জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। যত্রতত্র ময়লা ফেলাও বন্ধ করতে হবে।
তিনি ওয়ার্ড সুপারভাইজার, ওয়ার্ড সচিব এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি এলাকায় জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সিটি করপোরেশনের তৈরি সচেতনতামূলক লিফলেট প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। পাশাপাশি নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানাতে নিয়মিত প্রচার চালাতে হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, মসজিদ ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিশেষ করে জুমার নামাজের আগে খুতবার পূর্বে মসজিদগুলোতে এ বিষয়ে সংক্ষিপ্ত সচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য ইমাম ও মুয়াজ্জিনদের অনুরোধ জানানো যেতে পারে।
তিনি আরও বলেন, নগর উন্নয়নের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নেও সিটি করপোরেশন কাজ করছে। নগরের উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের দুটি বড় প্রকল্প নিয়ে কাজ চলছে। এর একটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত প্রকল্প। অন্যটি বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির উদ্যোগ রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের সংকট হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com