নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে প্রবেশ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও কর্মীরা বাইরে খাবার খেতে যান, ওই সময় ট্রেনে কোনো লোকজন ছিল না। এই সুযোগে দুর্বৃত্তরা স্টেশনের পশ্চিম দিকে প্ল্যাটফর্মের বাইরের অংশে থাকা ‘ড’ বগিতে আগুন দেয়। পরে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে তারা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে নেভানোর কাজ শুরু করেন।
জহিরুল ইসলাম আরও বলেন, আগুনে ‘ড’ বগির ৫, ৬, ১১ ও ১২ নম্বর- এই চারটি আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ফাঁকা ট্রেনে আগুন লাগার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com