সৌদি আরবের মদিনা মুনাওয়ারার তাবলিগের আন্তর্জাতিক শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে তাবলিগের সঙ্গে সংশ্লিষ্ট আলেম, মুরব্বি ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেছেন।
শেখ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), হজরত মাওলানা জুবাইরুল হাসান (রহ.) ও হজরত মাওলানা ইবরাহিম দেওলার সান্নিধ্যে থেকে দীর্ঘদিন খেদমত করেছেন। একই সঙ্গে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রায় ৫০ বছর আগে শেখ গাসসান ও শেখ ফাদিল উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালে তারা তাবলিগের মেহনতে যুক্ত হন। ছাত্রজীবনেই উত্তর আমেরিকার আরব জনগোষ্ঠীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন। পরে দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় তাবলিগের কাজে আত্মনিয়োগ করেন।
আহলে বাইতের সদস্য হওয়ায় আরবের বিভিন্ন মাশায়েখ ও প্রভাবশালী মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তিনি তাদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ পরিচালনা করতেন। হজরত মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর তারা পাকিস্তানের শীর্ষ তাবলিগি মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করতেন।
২০১৬ সালে পবিত্র হজের সময় তাবলিগের দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি নিয়ে আলোচনা হয়। এ সময় মাওলানা সাদ কান্ধলভীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল বলে জানা যায়। একইভাবে পাকিস্তানের শীর্ষ মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-ও দুই পক্ষকে একত্র করে বিরোধ মীমাংসার উদ্যোগ নিতে তাদের প্রতি আহ্বান জানান। তাবলিগের কাজে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের বিষয়েও মাওলানা সাদ সম্মতি জানিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর ধারাবাহিকতায় ২০১৭ সালে হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.) শেখ গাসসান ও শেখ ফাদিলকে ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজে পাঠান। সেখানে তারা মাওলানা সাদের সঙ্গে আলোচনা করে বিরোধ নিরসন এবং ভুলত্রুটি সংশোধনের বিষয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে দিল্লিতে যাওয়ার পর তাদের বিভিন্ন নিরাপত্তাজনিত ও অন্যান্য জটিলতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে পরিস্থিতির কারণে তারা ভারত ত্যাগ করেন।
বাংলাদেশের তাবলিগের সঙ্গেও শেখ গাসসানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তিনি প্রতি বছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন। তাবলিগের মুরব্বি ও সাথিদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
২০২০ সালে করোনা মহামারির সময় শেখ গাসসান ও শেখ ফাদিল একসঙ্গে ইন্দোনেশিয়া সফরে ছিলেন। ওই সফরেই করোনায় আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় ইন্তেকাল করেন শেখ ফাদিল। দীর্ঘদিনের সফরসঙ্গী শেখ গাসসানের মৃত্যুতে তাবলিগের মেহনতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা একজন অভিজ্ঞ মুরব্বি ও নিবেদিতপ্রাণ দাঈকে হারালেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com