রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ঘুষের লাখ টাকাসহ হাতেহাতে গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে রিমান্ডের আপত্তি জানিয়ে জামিন প্রার্থনা করেন আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির কাজ করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম। মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তবে প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে ঘুষ দাবির বিষয়টি দুদককে জানান মনিরুল। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযানের পরিকল্পনা করে।
গত ৩ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষ দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল তা তার ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com