দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ।
চলতি জাতীয় ক্রিকেট লিগে ৫ ম্যাচের ১০ ইনিংসে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৭২ রান করেছেন রবিন। এর মধ্যে তার সর্বোচ্চ স্কোর ২১৭ রানের। এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই প্রথমবার জাতীয় দলের দুয়ার খুলল তার জন্য।
একই টুর্নামেন্টে রানের নহর বইয়ে দিয়েছেন নাঈম শেখও। বাঁহাতি ওপেনার পাঁচ ম্যাচের সাত ইনিংসে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ১০২.৫০ গড়ে করেছেন ৬১২ রান। তার সর্বোচ্চ ইনিংসটি ২৮২ রানের।
২০২২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর আর এই সংস্করণে খেলা হয়নি নাঈমের। প্রায় সাড়ে চার বছর পর আবার সাদা পোশাকে নামার সুযোগ থাকছে তার সামনে।
১৬ জনের স্কোয়াডে চমক তারা দুজনই। এছাড়া অ্যাঙ্কলের চোটে ছিটকে গেছেন সাদমান ইসলাম। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন অমিত হাসান। আর সিলেটে তেমন ভালো করতে না পড়ে জায়গা হারিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।
কনকাশন নিয়মের কারণে সিলেটে খেলতে না পারা মুমিনুল হক ফিরেছেন দলে। এছাড়া পেস বিভাগে শক্তি বাড়াতে ফেরানো হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে।
জোহানেসবার্গে আগামী রোববার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরু ২৩ নভেম্বর। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com