মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে সাতজন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সংবাদপড়ুন
মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসওয়ান শহরগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১১২ জনকে গিজা এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরে বিভিন্ন আঘাত ও ক্ষত রয়েছে। কারও কারও হাত-পা এবং মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। এ ছাড়া কেউ কেউ মাথায় এবং বুকে আঘাত পেয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, চিকিৎসা শেষে ৪৫ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আরও সাতজনকে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
দুর্ঘটনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি বলেন, তিনি পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা, উদ্ধারকর্মী ও রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
দুর্ঘটনার সময় কাছের একটি ক্যাফেতে বসে ছিলেন ৩১ বছর বয়সী আবদেল ওয়াহেদ মোহাম্মদ। তিনি জানান, আসওয়ানগামী ট্রেনটি আগে থেকেই থেমে ছিল। এ সময় ফাইয়ুমগামী ট্রেনটি পেছন থেকে এসে সেটিকে ধাক্কা দেয়।
তিনি বলেন, ‘দুপুর আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি উল্টে যায়। ছয়টি বগি উল্টে পড়েছিল।’ হতাহতদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এবং হাত-পা ভেঙে যাওয়ার মতো গুরুতর আহত ব্যক্তিও ছিলেন বলে জানান তিনি।
আরেক প্রত্যক্ষদর্শী ২৫ বছর বয়সী আহমেদ মুসা বলেন, আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা উল্টে যাওয়া একটি বগির নিচের অংশ খুঁড়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
তিনি বলেন, ‘বগির ভেতরে মানুষ একে অপরের ওপর স্তূপ হয়ে পড়ে ছিলেন।’ নিহতদের মধ্যে দুজন নারীকে দেখেছেন বলেও জানান তিনি।
৪৩ বছর বয়সী তাহা আবদেল তাওয়াব বলেন, ‘আমি এক তরুণকে ট্রেন থেকে বেরিয়ে আসতে দেখেছি। তার কোলে ছিল মৃত বাবার মরদেহ।’
এএফপির সাংবাদিকেরা ঘটনাস্থলে রেললাইনের ওপর এবং আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েকটি যাত্রীবাহী বগি দেখতে পান।
একটি বগি রেললাইনের পাশের উঁচু বাঁধের কাছে কাত হয়ে পড়ে ছিল। অন্য একটি বগি সংঘর্ষের প্রচণ্ড আঘাতে দুমড়েমুচড়ে গিয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এতে বগির ভেতরের বাঁকানো লোহার অংশ, ভাঙা আসন এবং যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়।
ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ
উদ্ধারকর্মীরা ক্রেন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উল্টে যাওয়া বগিগুলো সোজা করার চেষ্টা করেন। অন্যদিকে, অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থল ঘিরে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা জড়ো হন। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলতে থাকায় তারা সেখানে ভিড় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রেদা কামেল লাবিব জানান, নিহত ব্যক্তিদের একজন পাশের গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্ধারকাজে বিলম্ব হয়েছে।
এএফপির প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মী ও স্থানীয় পথচারীরা মিলে মরদেহ বহনের কালো রঙের একটি ব্যাগে এক ব্যক্তির মরদেহ ধ্বংসস্তূপ থেকে বের করে আনছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, আল-আয়াত এলাকা মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার জন্যও পরিচিত।
২০০২ সালে কায়রোর দক্ষিণে ছুটিতে ভ্রমণকারীদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন। ২০০৯ সালেও একই এলাকায় একাধিক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।
মিসরের প্রায় ১১ কোটি মানুষের যাতায়াতের ক্ষেত্রে রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকার অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও দেশটির রেলব্যবস্থায় বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com