বর্তমান বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হারজগ।
শনিবার সন্ধ্যায় আইজেনকটকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ রোববার আনুষ্ঠানিকভাবে তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে।
নিয়ম অনুযায়ী আজ থেকে আগামী ২৮ দিনের মধ্যে আইজেনকোটকে সরকার গঠন করতে হবে। তবে এটি আরও ১৪ দিন বর্ধিত করা হতে পারে।
এ সময় আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে একই দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় একজনের নাম প্রস্তাব করতে পারবেন। তাকে সরকার গঠনের জন্য ১৪ দিন সময় দেওয়া হবে।
এরপরও সরকার গঠন সম্ভব না হলে নেসেট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করা হবে। সে ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর গাদি আইজেনকট এক্সে লিখেছেন, “এখন সময় একটি জাতীয় জরুরি সরকার গঠনের। আমরা যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, তার জন্য সব করব।”
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর নতুন সরকার গঠনের পথ নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজগ। একই সময়ে জোট গঠনের চেষ্টা চালিয়ে যান নেতানিয়াহুও।
ইসরায়েলে সরকার গঠনের জন্য নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।
তবে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পেলে আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত হতে পারে।
সূত্র: আল জাজিরা
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com