চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা শুরু আগামী ১ ডিসেম্বর। এতে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আজ বুধবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা এই সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া সম্পূরক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com