জবি প্রতিনিধি, রাফীদ আদ দ্বীন রাঈম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির অন্যতম ফিন্যান্স বিভাগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান "Finরঙ" আয়োজিত হয়েছে। ৩রা নভেম্বর ২০২৬(মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।বিভাগটি প্রতিষ্ঠার পর এবারই প্রথম এত জাক-জমকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এই অনুষ্ঠানের প্রধান আয়োজন ছিলেন ফিন্যান্স বিভাগ ১৮ তম ব্যাচ( সেশন-২০২৩-২০২৪) এর শিক্ষার্থীরা।
বিভাগের চেয়ারম্যান মোঃ বায়োজিদ আলী বলেন" একাডেমিক ব্যস্ততার কারণে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করা সম্ভব হয় না। আমরা চাই শিক্ষার্থীরা প্রতিবছর এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে যা তাদের একঘেয়েমি পড়াশোনার ক্লান্তি দূর করতে সাহায্য করবে।" এছাড়াও প্রতিবছর যেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অব্যাহত থাকে সে বিষয়ে সর্বাত্মক সহোযোগিতার আশাও ব্যক্ত করেন তিনি।
ফিন্যান্স ১৮ ব্যাচের শিক্ষার্থী আহনাফ হোসেন বলেন " ফিন্যান্স বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা একটি বিভাগ হলেও সচরাচর সেখানে কোন প্রোগ্রাম হয় না বললেই চলে। যার কারণে আমাদের সারাটা বছর ক্লাস, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন এর উপর কাটাতে হয়।এই একাডেমিক ব্যস্ততার বাইরে গিয়ে এইবার প্রথম এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশা করি অনুষ্ঠানটি উৎযাপনের মাধ্যমে আমরা একাডেমিক ক্লান্তি কাটিয়ে আবার সতেজ মনে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবো"
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো দলীয় নাচ, গান, নাটক, বিভিন্ন গেইম ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান মোঃ বায়োজিদ আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(জকসুর) কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য ও ফিন্যান্স বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com