রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ডেমরান স্টার ব্রিকসের চিমনি ও বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়ার পাশাপাশি দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে পিএইচডি ব্রিকসের চুল্লির বিভিন্ন অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দুইটি ইটভাটায় মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ছয় লাখ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহিম শাহরিয়ার ও ধামরাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডেমরান স্টার ব্রিকসের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় ছাড়পত্র এবং বৈধ কাগজপত্র না থাকায় এর আগে ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালু রাখে কর্তৃপক্ষ। পরে অভিযান চালিয়ে ইটভাটার চিমনি ও বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় পিএইচডি ব্রিকস নামের আরেকটি ইটভাটায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটাটির চুল্লির বিভিন্ন অংশও ভেঙে দেওয়া হয়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, গত ১৫ দিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় আটটি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১০টির মতো ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। যেসব ইটভাটার প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র নেই, সেগুলোকে অবিলম্বে কার্যক্রম বন্ধ করতে হবে। অভিযান পরিচালনার পর কেউ গোপনে পুনরায় ভাটা চালুর চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com