নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের প্রস্তুতির সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নিউজিল্যান্ডের নাগরিক। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা রয়টার্সকে সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার জানান, এভারেস্টের বেস ক্যাম্প এলাকায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।
হেলিকপ্টার দুটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ার। ফিশটেইল এয়ার এক বিবৃতিতে জানায়, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা কয়েকজন যাত্রীকে নিয়ে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। এতে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন।
অন্যদিকে, ডাইনেস্টি এয়ারের এক কর্মকর্তা জানান, তাদের হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিলেন না, সেটি শুধু পণ্য পরিবহন করছিল।
নেপালে বর্তমানে ট্রেকিংয়ের ভরা মৌসুম চলছে। এ সময়ে পর্বতারোহী ও পর্যটকদের যাতায়াতের জন্য এভারেস্ট অঞ্চলে নিয়মিত হেলিকপ্টার চলাচল করে। এমন ব্যস্ত মৌসুমের মধ্যে এ দুর্ঘটনা ঘটল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com