নিজস্ব প্রতিবেদক মোঃ শাহাদাৎ হোসেন আসিফ : ‘অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’—এই মানবিক স্লোগানকে সামনে রেখে রাজধানীর যাত্রাবাড়ী পার্কে অসহায়, দরিদ্র, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রায় ৩০০ মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ নিজেরাই অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিয়মিত এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। প্রতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ মানুষের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করা হয়। এর আগে কমলাপুর রেলস্টেশন, তেজগাঁও রেলস্টেশন, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন স্থানে এ খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক জালাল, ভাইস চেয়ারম্যান ও দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা, যুগ্ম মহাসচিব মোঃ সালমান মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরুজ্জামান মিল্টন, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম ও মোসাম্মদ দিপা আক্তার, কার্যকরী সদস্য মোঃ সাইদুর রহমান স্বপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মোঃ সেলিম হোসেন, মোঃ জনি হোসেন, মোঃ রেজবী আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোঃ দেলোয়ার হোসেন বলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন শুধু সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কাজ করে না; একই সঙ্গে সমাজের অসহায়, দরিদ্র, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই প্রতি সপ্তাহে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ মানুষের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে কমলাপুর, তেজগাঁও ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ফাউন্ডেশনের ৪৩টি জেলা কমিটি ও ১৪টি থানা কমিটি রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও থানা পর্যায়ে এ মানবিক কার্যক্রম চালু রাখার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনের সামর্থ্য ও সাংগঠনিক সক্ষমতা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সাংবাদিকদের যেকোনো বিপদ-আপদে ফাউন্ডেশন পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি অসহায়, দরিদ্র, পথশিশু ও গৃহহীন মানুষের কল্যাণে সংগঠনটি কাজ অব্যাহত রাখবে।
সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন সাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সব সময় কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের যেকোনো সংকট ও দুর্দিনে সংগঠনটি পাশে থাকবে। একই সঙ্গে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক জালাল বলেন দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার ও কল্যাণে আমরা কাজ করছি। সাংবাদিকরা যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা ও প্রাপ্য অধিকার ভোগ করতে পারেন, সে বিষয়ে সংগঠনটি সচেতন ভূমিকা পালন করছে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি মানবিক কার্যক্রমও অব্যাহত থাকবে।
ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম বলেন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পথশিশু, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও এগিয়ে এলে ক্ষুধামুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা বলেন সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের নানা অসংগতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সুখে-দুঃখে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সব সময় পাশে থাকবে। একই সঙ্গে অসহায় মানুষের কল্যাণে সংগঠনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, সমাজে এখনো অসংখ্য মানুষ রয়েছেন, যাঁরা প্রতিদিনের খাবার জোগাড় করতে হিমশিম খান। বিশেষ করে পথশিশু, ছিন্নমূল, গৃহহীন ও নিম্নআয়ের মানুষের জন্য একবেলার খাবারও অনেক সময় বড় প্রাপ্তি। তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, নিয়মিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও প্রতি শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলা ও থানা কমিটির মাধ্যমে সারা দেশে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com