আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে খুলনা নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পল্লী মঙ্গল মসজিদ ও মাদরাসা সংলগ্ন পুকুরের কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট আয়োজিত এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী বিশেষ সেশন পরিচালনা এবং বিভিন্ন কমিউনিটিতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা তৈরিতে নগরীতে মাইকে প্রচার চালাচ্ছে সংস্থাটি।
কার্যক্রমে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান এস এম আরিফুজ্জামান অপু, সেক্রেটারি শেখ সাদিকুন ইসলাম (মণি), কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, শাফায়েত আতিফ নিশো এবং ইউনিট লেভেল কর্মকর্তা ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোসা. রেক্সোনা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com