আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), খুলনার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো ৫০টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ২০ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সাইবার অপরাধের একটি মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ এপিবিএন সূত্রে জানা যায়, অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট এসব কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন থানায় হারানো মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোনগুলো উদ্ধার করা হয়।
অক্টোবর ২০২৬ মাসে পরিচালিত এসব কার্যক্রমে সাইবার ক্রাইম ইউনিটটি মোবাইল ফোন ও প্রতারণার অর্থ উদ্ধারের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা নম্বর ১৪, তারিখ ৯ অক্টোবর ২০২৬, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ও ২৭ ধারায় তিনজন আসামিকে গ্রেপ্তার করে।
অধিনায়ক এমএম সালাহউদ্দীনের দিকনির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হয়।
উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের সময় অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন বলেন, জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে আরও বেশি ভুক্তভোগীকে আইনি সেবা প্রদান করা সম্ভব হবে।
৩ এপিবিএনের সাইবার ক্রাইম ইউনিট অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ফেসবুক ও অনলাইন প্রতারণা-সংক্রান্ত অপরাধ প্রতিরোধেও কাজ করে থাকে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com