পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ‘গোমাতার’ ক্ষতি করা হলে কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এসব কথা বলেন।
গোমাতার সুরক্ষা নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।
জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা এবং বেআইনি অবকাঠামো প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কার্যক্রম রোধ করতে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না। একই সঙ্গে তথাকথিত বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নিজ দেশ বাংলাদেশে ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া তরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। -সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com