চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদিলুর রহমান আদিল (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জয়রামপুর স্কুল বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আদিলুর রহমান আদিল জয়রামপুর বাড়ুইপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল জয়রামপুর স্কুল বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদিলুর রহমান আদিলের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর আজ দুপুরেই তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com