ভোলা প্রতিনিধি: "আমাকে সুযোগ দিন কাচিয়াকে মনের মতো সাজাবো; ন্যায়বিচারে এক পয়সা খরচ হবে না, সন্তানরা মাদকাসক্ত হবে না, চাঁদাবাজিও বন্ধ করে দেব। জায়গা-জমির ঝামেলা মেটাতে কাউকে পয়সা দিতে হবে না—শুধু একবার আমাকে সুযোগ দিন। আমার বাবা শিখিয়েছেন—'জীবনে কারও সাথে প্রতারণা করিস না', বাবার সে ওয়াদা মেনেই চলার চেষ্টা করি।"
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ৪ নম্বর কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সভায় আবেগাপ্লুত হয়ে এই অঙ্গিকার করেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. ইউসুফ।
দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি যেভাবে গত ১৭ বছর রাজপথ এবং কোর্টে দলীয় নেতাকর্মীদের মামলা নিয়ে লড়েছি, আমার দল আমাকে সে মূল্যায়ন করবে। আমি শুধু আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।"
নিজের শিকড় ও সাধারণ মানুষের সাথে সম্পর্কের কথা স্মরণ করে অ্যাডভোকেট ইউসুফ আরও বলেন, "এই মাঠে আমার কৃষিকাজের সাথি আছে, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির সাথি আছে, খেলার সাথি আছে। আমি তাদের কাছে ইউসুফ, আমার চেম্বারেও তাদের কাছে ইউসুফ, কাচিয়াতেও ইউসুফ এবং আজীবন ইউসুফ হয়েই থাকতে চাই। আমি শাসক হতে আসিনি, আমি কাচিয়াবাসীর সেবক হতে এসেছি।"
হঠাৎ আয়োজিত এই কর্মী সভায় স্থানীয় জনসাধারণের উপচে পড়া ভিড় ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "হঠাৎ সিদ্ধান্তে আপনারা আজ যে ভালোবাসা দেখিয়েছেন, আগামী নির্বাচনেও এই ভালোবাসা বজায় রাখবেন বলে আমি আশাবাদী।"
নেতাকর্মীদের উদ্দেশে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "কারও হুমকিতে ভয় পাবেন না, কারও রক্তচক্ষুকে পরোয়া করবেন না; আমরাও এই কাচিয়ার সন্তান। সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে, আমরা তাকেই হাসিমুখে বরণ করে নেব।"
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com